কুমিল্লার চান্দিনায় স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ানের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার (৯ মে) দুপুরে চান্দিনা উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী ওই ক্যাম্পাসে আজ দুপুরে এলডিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই একই স্থানে একই সময়ে কর্মিসভা আহ্বান করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে যান ড. রেদোয়ান আহমেদ। কর্মিসভার আয়োজন করতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মীরা। কলেজে প্রবেশের পর তাদের সঙ্গে রেদোয়ান আহমেদের কথা হয়। কথা শেষে তিনি গাড়ি ঘুরিয়ে চলে যান।
এ সময় পেছন থেকে তার গাড়িতে তরমুজ ছুড়ে মারে ছাত্রলীগের কর্মীরা। তাতে উত্তেজনা বৃদ্ধি পায়। এক পর্যায়ে গাড়িতে বসেই পরপর দুটি গুলি ছোড়েন রেদোয়ান আহমেদ। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে থানায় গিয়ে আশ্রয় নেন এলডিপি মহাসচিব। সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

0 coment rios:
No 1 বাংলা নিউজপেপার