মাসজিদুল হারাম ও মাসজিদে নববির তত্ত্বাবধায়ক সৌদি বাদশাহ সালমানের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভাল। তার কোলনস্কপি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফলও ভালো এসেছে। রোববার সৌদি প্রেস এজেন্সি পরিচালিত রয়্যাল কোর্টের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। আরব নিউজ।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন বাদশাহ সালমানকে কিছু সময়ের জন্য হাসপাতালে থাকতে হবে। সে মতে গত শনিবার তাকে মেডিকেল চেকআপের জন্য জেদ্দার কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৫ সালের ২৩ জানুয়ারি থেকে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দেশটির ক্ষমতায় আরোহন করেন। ২০১২ সালের ১৬ জুন থেকে বাদশাহ হিসেবে দায়িত্ব প্রহণের আগ পর্যন্ত তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাদশাহ আব্দুল আজিজের ২৫তম পুত্র। সালমান ছাড়া তার (বাদশাহ আব্দুল আজিজ) ছেলেদের মধ্যে যারা বাদশাহ হয়েছেন তারা হলেন- সৌদ, ফয়সাল, খালিদ, ফাহদ এবং আবদুল্লাহ।
বাদশাহ আব্দুল আজিজ এবং হাসা বিনতে আহমেদ আল সুদাইরির পুত্র বাদশাহ সালমান। তিনি প্রথমে রিয়াদের ডেপুটি গভর্নর এবং ১৯৬৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৮ বছর রিয়াদের গভর্নর ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
২০১২ সালে তাকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করা হয়। সৎ ভাই বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর ২০১৫ সালে সিংহাসনে আরোহন করেন সালমান।
বাদশাহ হিসেবে সালমানের প্রধান উদ্যোগের মধ্যে রয়েছে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি হস্তক্ষেপ, সৌদি ভিশন ২০৩০ ঘোষণা এবং সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে ২০১৭ সালে ডিক্রি জারি।
বর্তমানে সৌদি বাদশাহর সর্বময় ক্ষমতা ব্যবহারের অনুমতি পেয়েছেন বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তাকেই এখন সৌদি আরবের প্রকৃত শাসক হিসেবে বিবেচনা করা হয়।

0 coment rios:
No 1 বাংলা নিউজপেপার